বিয়ানীবাজারে ৫৫ বছর পর পূরণ হচ্ছে ১০ গ্রামবাসীর স্বপ্ন
Led Bottom Ad

করতি খালে সেতু নির্মাণের উদ্যোগ

বিয়ানীবাজারে ৫৫ বছর পর পূরণ হচ্ছে ১০ গ্রামবাসীর স্বপ্ন

নিজস্ব প্রতিনিধি, বিয়ানীবাজার

১৮/০৪/২০২৬ ২২:১৪:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের ‘করতি খাল’ এর ওপর সেতু নির্মাণের দীর্ঘ ৫৫ বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন জনপ্রতিনিধির আশ্বাসের বৃত্তে আটকে থাকা এই জনগুরুত্বপূর্ণ দাবিটি বাস্তবায়নে অবশেষে উদ্যোগী হয়েছেন সিলেট-৬ আসনের নবনির্বাচিত তরুণ সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। আজ শনিবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করেন তিনি। আলীনগর ইউনিয়নের পাতন ও ফুলমলিক গ্রামের মধ্যবর্তী স্থানে এই সেতুটি নির্মিত হলে উপজেলার ফুলমলিক, ঘাগওয়া, গোবিন্দশ্রী, দেউলগ্রাম, পাতন, চন্দ্রগ্রাম, কটলিপাড়া ও আঙ্গুরাসহ অন্তত ১০টি গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে।

বর্তমানে এই ১০ গ্রামের বাসিন্দাদের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ একটি বাঁশের সাঁকো। খালের দুই পাশে অবস্থিত ছয়টি প্রাথমিক ও তিনটি মাধ্যমিক স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে এই সাঁকো পাড়ি দিতে হয়। স্থানীয়রা আক্ষেপ করে জানান, স্বাধীনতার পর থেকে কেউ তাঁদের এই দাবিকে মূল্যায়ন করেনি; অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা মৃতদেহ আনা-নেওয়ার ক্ষেত্রেও তাঁদের চরম ভোগান্তি পোহাতে হতো। সেতুটি নির্মিত হলে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ—উভয় উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে। পরিদর্শনকালে এমপির সঙ্গে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা মুজিবুর রহমান, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম শাহাব উদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। এর আগে সকালে গোলাপগঞ্জে একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ বলেন, বর্তমান সরকার দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ, বিশেষ করে স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ৫ দশকেরও বেশি সময় পর এই উন্নয়ন উদ্যোগের খবরে পুরো এলাকায় আনন্দের জোয়ার বইছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad