সুনামগঞ্জে তেল-সংকটে বিক্ষোভ: অবরোধে অচল মহাসড়ক
জ্বালানি তেলের তীব্র সংকট এবং পাম্প কর্তৃপক্ষের আকস্মিক ‘অঘোষিত ধর্মঘটে’ চরম ভোগান্তিতে পড়ে সুনামগঞ্জের সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের মল্লিকপুর এলাকায় গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ক্ষোভে ফেটে পড়া চালকদের এই কর্মসূচিতে সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং তীব্র গরমে অসুস্থ রোগীসহ জরুরি কাজে বের হওয়া যাত্রীদের নাভিশ্বাস ওঠে।
সরেজমিনে শহরের সিনথিয়া, বলাকা ও ছফেদা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় পাম্পের কাউন্টারগুলো বন্ধ এবং কোনো কর্মকর্তা বা কর্মচারী নেই, যার ফলে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকা শত শত মোটরসাইকেল, সিএনজি ও বাস চালক জ্বালানি না পেয়ে দিশেহারা হয়ে পড়েন।
ক্ষুব্ধ সিএনজি চালক মশিউর ও মোটরসাইকেল চালক উজ্জ্বল মিয়া জানান, কোনো আগাম নোটিশ ছাড়াই পাম্প বন্ধ রাখায় তারা আয়ের পথ হারিয়ে পথে বসেছেন এবং পাম্পগুলোতে গ্যাসের সংকট না থাকা সত্ত্বেও কেন সরবরাহ বন্ধ রাখা হলো তা নিয়ে তারা কৃত্রিম সংকটের অভিযোগ তুলেছেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু হানিফ পাম্প মালিকপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে আগামী এক ঘণ্টার মধ্যে পাম্প খুলে দেওয়ার আশ্বাস দিলে বেলা সাড়ে ১১টার দিকে চালকরা সড়ক থেকে অবরোধ সরিয়ে নেন। প্রশাসনের এই জোরালো আশ্বাসের প্রেক্ষিতে বর্তমানে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করলেও জ্বালানি সরবরাহের নিয়মিত প্রবাহ নিশ্চিত না হলে আবারও বড় ধরনের বিক্ষোভের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
প্রীতম দাস
মন্তব্য করুন: