সিলেটে আশঙ্কাজনক হারে বাড়ছে নারী নির্যাতন ও ধর্ষণ

দুই মাসে ১৬৭ ভুক্তভোগী

সিলেটে আশঙ্কাজনক হারে বাড়ছে নারী নির্যাতন ও ধর্ষণ

প্রথম সিলেট প্রতিবেদন

১৭/০৩/২০২৬ ১৪:৫৬:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট বিভাগে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় জনমনে বিশেষ করে নারীদের মধ্যে চরম নিরাপত্তা ঝুঁকি ও উদ্বেগ তৈরি হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম দুই মাসেই এই বিভাগে ৫৫ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন এবং একই সময়ে বিভিন্ন ধরনের সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছেন আরও ১১২ জন।

তথ্যানুসন্ধানে জানা গেছে, গত কয়েক বছর ধরেই সিলেটে নারী নির্যাতনের গ্রাফ ঊর্ধ্বমুখী। ২০২৪ সালে ১ হাজার ৩৩০টি নির্যাতনের ঘটনা ঘটলেও ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৪৭৬টিতে, যার মধ্যে ৫৫৪ জনই ছিলেন ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার।

এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি-র তথ্যমতে, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং অনেক ক্ষেত্রে লোকলজ্জা বা সামাজিক চাপে আইনি পদক্ষেপ না নেওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।

ওসিসির আইন কর্মকর্তা পান্না সমাদ্দার জানান, মামলার বাইরে অর্থের বিনিময়ে আপস করার প্রবণতা অপরাধীদের পুনরায় অপরাধ করতে উৎসাহিত করছে। বর্তমানে ওসমানী হাসপাতালের ওসিসি সীমিত জনবল ও সুবিধা নিয়ে কাজ করলেও ভুক্তভোগীদের চিকিৎসা, ডিএনএ পরীক্ষা ও আইনি সহায়তা প্রদান করছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মো. আল-আমিন এই সংকট মোকাবিলায় পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন।

তবে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন দাবি করেছেন, প্রতিটি ঘটনায় পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে সফল হচ্ছে।

দ্রুত বিচার নিশ্চিত করা না গেলে এই অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ করা কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

এ রহমান

মন্তব্য করুন: