নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মদসহ ৫ জন আটক

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মদসহ ৫ জন আটক

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

২৩/০২/২০২৬ ২৩:৪৭:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ ও নগদ টাকাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত বানিয়াচং উপজেলা পরিষদ আর্মি ক্যাম্পের একটি দল নবীগঞ্জ পৌরস্ত ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী চন্দন রাউথ ও রামচন্দ্র দেবের মদের দোকানে এই ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানকালে দোকানের মালিক বা দায়িত্বশীল কাউকে পাওয়া না গেলেও মদ্যপানরত অবস্থায় পাঁচজনকে হাতেনাতে আটক করে সেনাবাহিনী। তল্লাশিকালে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ২ হাজার ৪৬ পিস কেরু অ্যান্ড কোম্পানির ১ লিটারের মদের বোতল, ২৫০ মিলিলিটারের ১৪০ বোতল বাংলা মদ, নগদ ৩৪ হাজার ৮৪৫ টাকা, ৩টি চেক বই এবং ৮টি মোবাইল ফোন।

আটককৃতরা হলেন—নবীগঞ্জ উপজেলার তিমিরপুর গ্রামের চিত্ত রঞ্জন সরকার (৪৫), খানকারী পাড়া গ্রামের মো. সাদিক (৩১), চরগাঁও গ্রামের আশিকুর রহমান (৪০), পাটুলি গ্রামের বিধান রায় (৩৫) এবং পিরুজপুর গ্রামের নজরুল ইসলাম (৩৭)।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত বিপুল পরিমাণ মাদক ও অন্যান্য মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নবীগঞ্জ থানার ডিউটি অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন: