সিলেট আইনজীবী সমিতির নির্বাচনে নতুন নেতৃত্ব

সুহেল সভাপতি, জুবের সাধারণ সম্পাদক

সিলেট আইনজীবী সমিতির নির্বাচনে নতুন নেতৃত্ব

প্রথম সিলেট প্রতিবেদন

১৬/০২/২০২৬ ১৬:০৮:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সিলেট জেলা আইনজীবী সমিতি-এর বার্ষিক নির্বাচন। এতে সভাপতি পদে অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের নির্বাচিত হয়েছেন।


সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ছয়ফুল আলম। তাঁকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-হেলাল ও অ্যাডভোকেট মো. কাওছার জুবায়ের।


রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের দ্বিতীয় ও তৃতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির মোট ১ হাজার ৬৬৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩৩৪ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে ২৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৮ জন প্রার্থী।


ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে সুহেল ৫৭৪ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পান্না লাল দাশ পান ৪৩৮ ভোট এবং সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন। সহসভাপতি পদে আব্দুস সোয়েব আহমদ পান ৫১০ ভোট।


সাধারণ সম্পাদক পদে জোবায়ের বখ্ত জুবের পান ৩৪৮ ভোট। যুগ্ম সম্পাদক-১ পদে আব্দুল মুকিত (অপি) পান ৩১৩ ভোট এবং যুগ্ম সম্পাদক-২ পদে হেদায়েত হোসেন তানবীর পান ৪৮৮ ভোট।


ক্রীড়া ও সমাজবিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মঈনুল ইসলাম ৫৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-ক্রীড়া ও সমাজবিষয়ক সম্পাদক পদে দেবব্রত চৌধুরী লিটন পান ৬৮৯ ভোট। লাইব্রেরি সম্পাদক পদে সৈয়দ ফেরদৌস আহমদ পান ৭২৮ ভোট। মহিলা বিষয়ক সম্পাদক পদে সৈয়দা হেলেন বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।


এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সাত সদস্যসহ অন্যান্য পদেও প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

ডি আর ডি

মন্তব্য করুন: