সুনামগঞ্জে জব্দকৃত ৩১টি ভারতীয় গরুর প্রাণ নিয়ে উদ্বেগ

নিলাম বিলম্বে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি

সুনামগঞ্জে জব্দকৃত ৩১টি ভারতীয় গরুর প্রাণ নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৩/১২/২০২৫ ১৩:১২:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জে জব্দ করা ৩১টি ভারতীয় গরুর প্রাণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গত ছয় দিন আগে সদর মডেল থানা পুলিশের অভিযানে গরুগুলো জব্দ করা হলেও এখনো নিলাম প্রক্রিয়া শেষ না হওয়ায় তীব্র শীতের মধ্যে পশুগুলো বাঁচবে কিনা—তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় সদর উপজেলার জয়নগর লঞ্চঘাট এলাকায় সুরমা নদীতে অভিযান চালিয়ে একটি গরুবাহী নৌকাসহ ৩১টি ভারতীয় গরু জব্দ করে পুলিশ। বর্তমানে গরুগুলো শহরের লঞ্চঘাট এলাকার পুলিশ ফাঁড়ির ঘাটে খোলা স্থানে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, প্রচণ্ড শীত, খোলা জায়গা, পর্যাপ্ত খাবার, পানি ও পশু চিকিৎসা সেবার অভাবে গরুগুলোর অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। সোমবার বিকাল সাড়ে ৩টায় সদর মডেল থানার ওসি রতন শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় এক ব্যক্তিকে আগুন জ্বালিয়ে গরুর শরীরে তাপ দিতে দেখা যায়। তিনি জানান, শীতের কারণে গরুগুলো কাঁপছিল, তাই বাধ্য হয়ে আগুন জ্বালিয়ে উষ্ণতার ব্যবস্থা করেছেন।

স্থানীয়দের অভিযোগ, নিলাম প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় এর আগেই গরুগুলোর মৃত্যুর আশঙ্কা রয়েছে। তারা দ্রুত নিলাম সম্পন্ন করা অথবা উপযুক্ত আশ্রয় ও পশু চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ জানান, জব্দ করা গরুগুলোর মধ্যে ইতোমধ্যে একটি গরু মারা গেছে। বাকি গরুগুলোর নিলামের জন্য আদালতে আবেদন করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন: