দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
সুনামগঞ্জে ইউএনও’র অপসারণ দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহর অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ‘উপজেলাবাসী’র ব্যানারে উপজেলা পরিষদ সড়কে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু। সভা পরিচালনা করেন ব্যবসায়ী ইলিয়াছ মিয়া।
সভায় বক্তারা অভিযোগ করে বলেন, ডাক বাংলা সড়ক থেকে উপজেলা পরিষদ সড়কটি যুগ যুগ ধরে এলাকাবাসীর চলাচলের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই সড়ক দিয়েই দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে।
বক্তারা বলেন, কোনো ধরনের জনপরামর্শ বা বিকল্প ব্যবস্থা ছাড়াই ইউএনও বরকত উল্লাহ হঠাৎ করে সড়কটি বন্ধ করে দেন। ফলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ওপর উপজেলা সদরের দুটি সেতু অকার্যকর থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
মানববন্ধনে ইউএনও বরকত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিস্তর অভিযোগ তোলা হয়। বক্তারা অভিযোগ করেন, প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে।
প্রবীণ ব্যবসায়ী ওলি উল্লাহ, ডাক বাংলা সড়কের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল, ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, সাংবাদিক আলী হোসেন খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, উপজেলা উলামা মাশায়েক পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমেদ, ছাত্রদল নেতা জুনায়েদ আহমেদ হামজা, পৌর যুবদল নেতা তারেক মিয়া, বিএনপি নেতা রূপন আলীসহ আরও অনেকে সভায় বক্তব্য দেন।
বক্তারা অবিলম্বে উপজেলা পরিষদ সড়কের গেইট খুলে দেওয়ার পাশাপাশি ইউএনও বরকত উল্লাহকে দ্রুত অপসারণের দাবি জানান। অন্যথায় বৃহত্তর গণআন্দোলনের ঘোষণা দেন তারা।
উল্লেখ্য, ইউএনও বরকত উল্লাহর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে ভুক্তভোগী নাগরিকের পক্ষ থেকে গত ৩০ অক্টোবর সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের প্রেক্ষিতে গত ২৬ নভেম্বর সুনামগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সরেজমিনে তদন্ত পরিচালনা করেন।
এ রহমান
মন্তব্য করুন: