ফেসবুকে হুমকিমূলক মন্তব্যের অভিযোগে থানায় জিডি, নিন্দা দোয়ারাবাজার প্রেসক্লাবের
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সাংবাদিককে উদ্দেশ্য করে হুমকিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনার নিন্দা জানিয়েছে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব।
জিডিকারী মো. জাহিরুল ইসলাম সানি (২৫) দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। তিনি দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার দোয়ারাবাজার প্রতিনিধি এবং উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক।
জিডিতে উল্লেখ করা হয়, গত ২১ নভেম্বর ২০২৫ তারিখে জাহিরুল ইসলাম সানি নিজের ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেন। ওই পোস্টের মন্তব্য ঘরে জিয়াউর রহমান (২৬) নামের এক ব্যক্তি ইংরেজি ভাষায় হুমকিমূলক ও আপত্তিকর মন্তব্য করেন। এতে নিজের ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেন তিনি। অভিযুক্ত জিয়াউর রহমান দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বালিচড়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় জাহিরুল ইসলাম সানি দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।
এদিকে, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে ঘটনার নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাসুদ রানা সোহাগ
মন্তব্য করুন: