সিলেটে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত : গ্রেপ্তার ৩

সিলেটে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত : গ্রেপ্তার ৩

প্রথম সিলেট প্রতিবেদন

২৯/১১/২০২৫ ১৫:১৪:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের এয়ারপোর্ট থানার ইলাশকান্দি এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের বিরোধের জেরে ছুরিকাঘাতে শাহ মাহমুদ হাসান তপু (১৭) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার ভোরে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।

নিহত তপু ইলাশকান্দির উদয়ন ৪০/২ এলাকার শাহ এনামুল হকের ছেলে। সে খাসদবির স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে বিরোধকে কেন্দ্র করে তর্কাতর্কির একপর্যায়ে প্রতিপক্ষ গ্রুপের প্রধান জাহিদ হাসান তপুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

ঘটনার পর এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত জাহিদ হাসানসহ তার দুই সহযোগী অনিক মিয়া এবং জুনায়েদ আহমদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার অনিক ও জুনায়েদের স্থায়ী ঠিকানা সুনামগঞ্জের দিরাই উপজেলায় হলেও তারা বর্তমানে সিলেট শহরের লোহারপাড়ায় বসবাস করছিলেন।

ওসি আনিসুর রহমান জানান, নিহত তপুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের না করলেও পুলিশ আইনগত প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।

এ রহমান

মন্তব্য করুন: