সিলেটে কিশোর গ্রুপের বিরোধে সৃষ্ট ঘটনায় আহত একজনের মৃত্যু

সিলেটে কিশোর গ্রুপের বিরোধে সৃষ্ট ঘটনায় আহত একজনের মৃত্যু

প্রথম সিলেট প্রতিবেদন

২৮/১১/২০২৫ ১৫:৪৩:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরের এয়ারপোর্ট থানার ইলাশকান্দি এলাকায় দুই কিশোর গ্রুপের পূর্ব বিরোধ থেকে সৃষ্ট ঘটনায় আহত এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, কথাকাটাকাটির এক পর্যায়ে একটি গ্রুপের সদস্যরা অপর গ্রুপের শাহ মাহমুদ হাসান তপুকে (১৭) আঘাত করলে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে শুক্রবার (২৮ নভেম্বর) সকাল প্রায় ৬টায় তিনি মারা যান।


ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন প্রধান অভিযুক্ত জাহিদ হাসানসহ তার দুই সহযোগী অনিক মিয়া ও জুনায়েদ আহমদকে গ্রেফতার করেছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।


এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং এখনো কেউ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


স্থানীয়রা বলছেন, কিশোরদের মধ্যে পূর্বের উত্তেজনার জেরে এই সংঘাতের সূত্রপাত হতে পারে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

ডি আর ডি

মন্তব্য করুন: