সুনামগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে আ/গু/ন
সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ব্যাংকটির তাহিরপুর শাখায় এ ঘটনা ঘটে। তবে নাইট গার্ডের সতর্কতা ও স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ব্যাংকটি।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় ব্যাংকের ভেতরে দায়িত্বে ছিলেন নাইট গার্ড হরিদাশ বর্মন। আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করলে ব্যাংকের কর্মী, পাশের বাড়ির লোকজন ও স্থানীয়রা ছুটে আসেন। পরে সম্মিলিতভাবে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় ব্যাংকের কাঠের দরজার কিছু অংশ পুড়ে গেছে। তবে ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র, অর্থসহ অন্যান্য মালামাল অক্ষত রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখা ব্যবস্থাপক আবু হানিফ বলেন, গভীর রাত আনুমানিক ২টার দিকে কে বা কারা ব্যাংকে আগুন ধরিয়ে দেয়। শব্দ শুনে নাইট গার্ড চিৎকার করলে ব্যাংকে থাকা স্টাফ ও পাশের পরিবারের লোকজন এগিয়ে আসেন। আগুনে শুধু কাঠের দরজা পুড়েছে। পানি দিয়ে তা নেভানো হয়েছে। এ সময় পুলিশ টহলে ছিল। টহল শেষ করে থানায় পৌঁছামাত্র আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় জিডি করার জন্য থানায় আছি।
খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ অগ্নিসংযোগ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও অগ্নিসংযোগের প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: