বাংলাদেশের লক্ষ্য গ্রুপসেরা, শ্রীলঙ্কার বাঁচা-মরার লড়াই

বাংলাদেশের লক্ষ্য গ্রুপসেরা, শ্রীলঙ্কার বাঁচা-মরার লড়াই

প্রথম ডেস্ক

১১/১১/২০২৬ ১৩:০৮:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেলেও শ্রীলঙ্কার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে কোনো ছাড় দিতে চায় না বাংলাদেশ। লক্ষ্য একটাই- জয় নিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চার নিশ্চিত করা।

এই লক্ষ্য নিয়ে আজ বুধবার রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে লাল-সবুজের দল। ইংল্যান্ড থেকে আসা তারকা ফুটবলার হামজা চৌধুরীর উপস্থিতি দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে।

ঢাকায় পৌঁছানোর পর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে মাত্র দুটি অনুশীলন সেশন পেয়েছেন হামজা। তবে এর মধ্যেই দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন তিনি। ম্যাচের আগের দিন অনুশীলনে নামার আগে হামজা জানিয়েছেন, সেমিফাইনাল নিশ্চিত হলেও দলের মনোযোগে কোনো ঘাটতি নেই। দীর্ঘ ২৩ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্য নিয়ে সবাই শিরোপা জিততে মুখিয়ে আছেন। টুর্নামেন্টের ফেভারিট হিসেবেই মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশের জন্য ম্যাচটি গ্রুপসেরা হওয়ার লড়াই হলেও শ্রীলঙ্কার জন্য এটি টিকে থাকার লড়াই। সেমিফাইনালে উঠতে হলে জয় ছাড়া বিকল্প নেই লঙ্কানদের। গত ১২ মাসে প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তিতে দলটি নিজেদের অনেকটাই গুছিয়ে নিয়েছে। তবে প্রতিপক্ষ শক্তিশালী হলেও মূল চাপ শ্রীলঙ্কার ওপরই থাকবে বলে মনে করছেন হামজা।

ঘরের মাঠে দর্শকদের সমর্থন কাজে লাগিয়ে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চায় প্রধান কোচ থমাস ডুলির দল।

ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে একাধিক সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের দুর্বলতায় মাত্র একটি গোল পেয়েছিল বাংলাদেশ। আক্রমণভাগের সেই সমস্যা কাটাতে শ্রীলঙ্কার বিপক্ষে বাড়তি নজর থাকবে দলের।

এ ম্যাচে একাদশেও পরিবর্তন আসতে পারে। মেকশিফট স্ট্রাইকার হিসেবে খেলা বিশ্বনাথ ঘোষ ডান পায়ের চোটে ছিটকে গেছেন। তাঁর জায়গায় একাদশে ফিরতে পারেন ভুটানের বিপক্ষে জয়সূচক গোল করা মোহাম্মদ ইব্রাহিম। এ ছাড়া স্বাগতিক দর্শকদের সামনে খেলার সুযোগ পেতে পারেন ইংল্যান্ডপ্রবাসী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ।

ম্যাচ ঘিরে পাঁচ বছর আগের একটি স্মৃতিও ফিরে আসছে। ২০২১ সালে কলম্বোয় চার জাতি টুর্নামেন্টে শেষ মুহূর্তের বিতর্কিত পেনাল্টি গোলে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে লঙ্কানদের জয়সূচক গোল করেছিলেন ওয়াসিম রাজিক। আজও মাঠে থাকবেন তিনি।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad