ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ
ধুঁকতে থাকা ভ্যালেন্সিয়াকে সহজেই হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ৩-০ গোলে জিতে লা লিগার টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনা ও রিয়ালের পয়েন্ট এখন সমান। চার ম্যাচে টানা চার জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা।
ভ্যালেন্সিয়ার মাঠে ম্যাচের ২৮ মিনিটে অধিনায়ক ফেদরিকো ভালভের্দে রিয়াল মাদ্রিদের হয়ে গোলের সূচনা করেন। কিলিয়ান এমবাপের ফ্রি-কিক প্রতিপক্ষের দেয়ালে লেগে ফিরে এলে প্রায় ২০ গজ দূর থেকে নিচু শটে লক্ষ্যভেদ করেন উরুগুইয়ান মিডফিল্ডার।
৮ মিনিট পর হোসে মরিনহোর দল ব্যবধান দ্বিগুণ করে আর্দা গুলের গোলে। জুড বেলিংহামের কাটব্যাক প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে তার সামনে এলে ছয় গজ দূর থেকে ভলিতে বল জালে পাঠান তুর্কি মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ রাখে সফরকারীরা। ৭৫ মিনিটে গুলেরের পাস পেয়ে গোলরক্ষককে কাটিয়ে দলের তৃতীয় গোলটি করেন এমবাপে। চলতি লিগে এটি ফরাসি ফরোয়ার্ডের ১৩তম গোল। স্বাগতিকদের দুর্দশা আরও বাড়ে তাদের অধিনায়ক হোসে গায়া গোলের দিকে ছুটে চলা এমবাপেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখলে।
এই জয়ে ১২ ম্যাচে রিয়ালের পয়েন্ট হলো ৩১। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় শীর্ষে উঠতে পারেনি তারা। রোববার বাংলাদেশ সময় রাত ২টায় তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। সেই ম্যাচ জিতলে আবারও তিন পয়েন্টের ব্যবধান তৈরি করবে কাতালান ক্লাবটি। অন্যদিকে ১২ ম্যাচে সপ্তম হারে ভ্যালেন্সিয়া রয়েছে ১৯তম স্থানে। নিরাপদ অবস্থানে থাকা দলের চেয়ে তারা এক পয়েন্ট পিছিয়ে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: