যুক্তরাজ্যে ‘ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র ১৭তম প্রকাশনা ও অ্যাওয়ার্ডস গালা ১৭ নভেম্বর
ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির কৃতিত্ব, অবদান ও অনুপ্রেরণামূলক সাফল্যের গল্প উদযাপনের লক্ষ্যে ঐতিহ্যবাহী ‘ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’-এর ১৭তম আসর এবং মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রকাশনা প্রতিষ্ঠান ‘বাংলা মিরর গ্রুপ’-এর উদ্যোগে আয়োজিত এই গালা ডিনারে ইউকে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
বুধবার (৪ নভেম্বর) পূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টার সেমিনার রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এই সংস্করণ প্রকাশের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৭ নভেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের মর্যাদাপূর্ণ ‘মেরিডিয়ান গ্র্যান্ড’-এ জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই প্রকাশনার মোড়ক উন্মোচন এবং অ্যাওয়ার্ডস প্রদান ও গালা ডিনার অনুষ্ঠিত হবে। ২০০৮ সালে যাত্রা শুরু করা এই উদ্যোগটি ১৭ বছরে পদার্পণ করে বর্তমানে ব্রিটিশ-বাংলাদেশিদের ক্যালেন্ডারে একটি অন্যতম প্রধান ও সর্বজনীন আয়োজনে রূপ নিয়েছে।
সংবাদ সম্মেলনে প্রকাশনাটির প্রতিষ্ঠাতা ও সম্পাদক আব্দুল করিম গনি বলেন, “খুবই সাধারণভাবে আমাদের যাত্রা শুরু হলেও আজ এটি ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষের একটি মিলনমেলায় পরিণত হয়েছে। আমাদের কমিউনিটির অসামান্য সফল ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।”
তিনি আরও বলেন, “কমিউনিটিতে অসংখ্য সফল ও গুণী মানুষ রয়েছেন। প্রকাশনাটি যত বড় হচ্ছে, নির্দিষ্ট সীমার মধ্যে প্রোফাইল নির্বাচনের বিষয়টিও ততটাই চ্যালেঞ্জিং হয়ে উঠছে। এই প্রকাশনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনসংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে, যা আমাদের কমিউনিটির অর্জনের ব্যাপকতা ফুটিয়ে তোলে।”
নির্বাহী সম্পাদক সুহানা আহমেদ বলেন, “ষোলো বছর পার করেও আমরা আমাদের কমিউনিটির নতুন নতুন প্রতিভা ও সফল মানুষকে খুঁজে বের করতে পারছি—এটি সত্যিই আনন্দের। আশা করি পাঠকদের কাছে এবারের প্রকাশনাটি অত্যন্ত গ্রহণযোগ্য হবে।”
যুক্তরাজ্যের অন্যান্য দক্ষিণ এশীয় কমিউনিটির তুলনায় সংখ্যায় অপেক্ষাকৃত কম হলেও ব্রিটিশ-বাংলাদেশিরা ব্যবসা-বাণিজ্য, কারি শিল্পসহ অর্থনীতি ও সমাজের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। অথচ তাঁদের অনেকের অর্জনই এখনও যথাযথ স্বীকৃতি পায়নি। সেই ঘাটতি পূরণে এবং প্রতিভাবান ব্যক্তিদের কাজের স্বীকৃতি দিতে ২০০৮ সালে ‘হুজহু’র যাত্রা শুরু হয়।
প্রতিবছর এই আয়োজনে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, বিভিন্ন বারা কাউন্সিলের মেয়র, স্পিকার, কাউন্সিলর, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। ২০২৬ সালের এই সংস্করণে নতুন মুখ ও উদীয়মান প্রতিভার পাশাপাশি বেশ কয়েকটি বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
উল্লেখ্য, ইতিপূর্বে এই প্রকাশনার অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’ থেকেও প্রতিষ্ঠানটিকে সম্মাননা জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের মূলধারার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ কমিউনিটির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
লতিফুর রহমান রাজু/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: