শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঢাকা ও আশপাশের চারটি শিল্পাঞ্চলে মোতায়েন করা হয়েছে ৩৩ প্লাটুন বিজিবি সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ড্রোনের মাধ্যমে চলছে সরাসরি নজরদারি। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে সাঁজোয়া যান ও দাঙ্গা নিয়ন্ত্রণের বিশেষ যান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
তিনি জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তায় মিরপুরে তিন প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তা কার্যক্রমে প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। ড্রোনের মাধ্যমে শিল্পাঞ্চলের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের শরীরে বডি ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।
এ ছাড়া যেকোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন রাখা হয়েছে। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।
বিজিবি জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এ নিরাপত্তা তৎপরতা অব্যাহত থাকবে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: