১২ ডিসেম্বর তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন:তফসিল ঘোষণা
সুনামগঞ্জ জেলার সীমান্ত উপজেলা তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দীর্ঘ প্রায় দেড় যুগ পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবরে সীমান্ত উপজেলার ব্যবসায়ীদের মাঝে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
গত ২ নভেম্বর তাহিরপুর কয়লা আমদানি কারক গ্রুপ সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর কয়লা আমদানি কারক গ্রুপ সমিতির সহকারী কমিশনার ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, আপিল বোর্ডের প্রধান ও উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, আপিল বোর্ডের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী ও ডা. সামসু উদ্দিন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ৩৬৪ জন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১২ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা, ১৫ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৬ নভেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১৯ নভেম্বর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল, ২১ নভেম্বর আপিল নিষ্পত্তি, ২২ নভেম্বর চূড়ান্ত প্রার্থীদের শুনানি, ২৫ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ২৬ নভেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনার জানান, প্রায় দেড় যুগ ধরে আমদানিকারক গ্রুপে আনুষ্ঠানিক কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এবার নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ভোটগ্রহণ শেষে গণনা করে প্রাথমিক বেসরকারি ফলাফল প্রকাশ করা হবে।
এই নির্বাচনে সভাপতি পদে এখন পর্যন্ত দুই জনের নাম আলোচনায় রয়েছে। তারা হলেন বর্তমান সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খসরুল আলম ও খন্দকার মোস্তাক আহমেদ। সাধারণ সম্পাদক পদে আলোচিত হলেন বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সবুজ আলম, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোস্তাক আহমেদ, ও বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক।
লতিফুর রহমান রাজু-রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: