দোয়ারাবাজার সীমান্তে ১২টি ভারতীয় গরু আটক
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোররাত ৪টার দিকে দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনী এলাকা থেকে গরুগুলো আটক করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর আওতাধীন বাঁশতলা বিওপি’র টহল দল।
বিজিবি এক প্রেস ব্রিফিংয়ে জানায়, সীমান্ত পিলার ১২৩৩/৪-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় গরুগুলো পাওয়া যায়। আটককৃত গরুগুলোর মোট সিজার মূল্য ১১ লাখ ২০ হাজার টাকা বলে জানায় তারা।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, আটককৃত গরুগুলো শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: