যশোর থেকে অপহৃত স্কুলছাত্রী সিলেটে উদ্ধার : মূলহোতা আটক
যশোরের বাঘারপাড়া থেকে অপহৃত দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। একই অভিযানে অপহরণ মামলার প্রধান পলাতক আসামি আব্দুল্লাহ ইফাদ (২০)কে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) র্যাব-৯-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-৯ জানিয়েছে, উদ্ধার হওয়া শিক্ষার্থী যশোরের বাঘারপাড়া উপজেলার চণ্ডীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে আব্দুল্লাহ ইফাদের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। পরে চণ্ডীপুর মাদ্রাসা মোড় এলাকায় পৌঁছালে বিয়ের প্রলোভন দেখিয়ে পূর্বপরিকল্পিতভাবে আব্দুল্লাহ ইফাদ ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়। এঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে বাঘারপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার পর র্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২ আগস্ট) রাত ৮টা ৫ মিনিটে সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন শাহজালাল মাজার গেইট এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান পলাতক আসামি আব্দুল্লাহ ইফাদকে গ্রেফতার এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে র্যাব-৯।
গ্রেফতার আব্দুল্লাহ ইফাদ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উত্তর বাজার এলাকার আব্দুল মালেকের ছেলে।
সোমবার (৩ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব।
তাহির আহমদ/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: