মাধবপুরের সুরমা চা বাগানের ৫০ বছরের পুরোনো সেতু বেহাল, চলাচলে ঝুঁকি
মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের তেলানিয়া ছড়া খালে নির্মিত অর্ধশতাব্দী পুরোনো জরাজীর্ণ সেতুতে চলাচলে ঝুঁকি দেখা দিয়েছে। বেহাল দশার কারণে সেতুতে ভারী যানবাহন আগেই বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনার শঙ্কায় ছোট যানবাহন চলাচলও অনেক কমে গেছে। এতে চা বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিন দেখা যায়, সুরমা চা বাগানের অভ্যন্তরে অবস্থিত সেতুটির দুই পাশের মাটি ধসে গেছে। সেতুর সংযোগ সড়কের একাংশ ভেঙে খালের দিকে নেমে গেছে। স্থানীয়রা বাঁশ, কাঠ ও টিনের বেড়া দিয়ে ঝুঁকিপূর্ণ অংশ কোনোভাবে রক্ষা করার চেষ্টা করেছেন। সেতুর নিচে ভাঙন রোধে অস্থায়ী ব্যবস্থা নেওয়া হলেও তা টেকসই নয় বলে জানান এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, কয়েক দশক আগে নির্মিত সেতুটি দীর্ঘদিন সংস্কার না করায় বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠে। চা বোঝাই যানবাহন, কৃষিপণ্য পরিবহনকারী গাড়ি কিংবা জরুরি সেবার যানবাহন সেতু পার হতে না পারায় এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।
সুরমা চা বাগানের ব্যবস্থাপক বাবুল সরকার বলেন, ‘সেতুটি দীর্ঘদিনের পুরোনো। বর্তমানে ভারী যানবাহন চলাচল করতে পারে না। এতে চা পাতা ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল পরিবহনে সমস্যা হচ্ছে। দ্রুত সেতুটির সংস্কার অথবা নতুন সেতু নির্মাণ প্রয়োজন। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি।’
চা শ্রমিক রাজীব গোয়ালা বলেন, কয়েক যুগ তারা এই সেতু দিয়ে চলাচল করছেন। বর্তমানে সেতুর অবস্থা খুবই খারাপ। বর্ষা মৌসুমে আরও ভয় লাগে। বাচ্চাদের স্কুলে পাঠাতেও চিন্তা হয়। চা বাগানে থেকে প্রতিদিন চা বাগানের মালামাল পরিবহন করতে হয়। সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এখানে দ্রুত নতুন সেতু নির্মাণ করা প্রয়োজন।
শ্রমিক নেতা প্রদীপ কৈরি বলেন, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা দীর্ঘদিন সেতুটি সংস্কার ও পুনর্নির্মাণের নানা আশ্বাস দিলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বছরের পর বছর ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। সুরমা চা বাগান এলাকার যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে এবং চা শিল্পের স্বার্থে সেতুটি পুনর্নির্মাণ এখন সময়ের দাবি। অন্যথায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
উপজেলা প্রকৌশলী মো. রেজাউল নবী জানান, সুরমা চা বাগানের তেলানিয়া ছড়া খালে নির্মিত সেতুটির অবস্থা সম্পর্কে তারা অবগত আছেন। ইতোমধ্যে সেতুটি পরিদর্শন করেছেন তিনি। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।
মাধবপুরের ইউএনও মেহেদী হাসান বলেন, সুরমা চা বাগান এলাকার মানুষের জন্য সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হয়েছে।
রত্না বাউরী
মন্তব্য করুন: