সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ
সিলেট সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৯০ লাখ ১৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানের মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
রোববার (২ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, তামাবিল, প্রতাপপুর, পান্থূমাই ও সংগ্রাম বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু, কসমেটিকস, জিরা, মরিচ, কম্বল ও চিনি জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশি রসুনও জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৯০ লাখ ১৫ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাইফুল ইসলাম বাবু /আর আর
মন্তব্য করুন: