সুনামগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের সনদ বিতরণ

সুনামগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের সনদ বিতরণ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২২/০৫/২০২৬ ২১:৩৮:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় একাডেমির হাসন রাজা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সনদ তুলে দেওয়া হয়। সনদ বিতরণের পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনা ও অঙ্কিত চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।


সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুনা শাহীন আরা লেইস, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, প্রশিক্ষক শ্রাবন্তী তালুকদার, সন্তোষ চন্দ্র চন্দ, তপন কর, বোরহান উদ্দিন ও অমিত বর্মন।


বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলাকে অনেকেই সাংস্কৃতিক রাজধানী হিসেবে অভিহিত করেন। কারণ এই মাটিতে মহাকবি সঞ্জয়, মরমী কবি হাসন রাজা, রাধারমণ দত্ত, দূরবীন শাহ ও বাউলসম্রাট শাহ আবদুল করিমের মতো গুণী মহাজনেরা জন্ম নিয়েছেন। আজকের প্রশিক্ষণার্থীদের মধ্য থেকেও যেন আগামী দিনে তাঁদের মতো বড় গুণী তৈরি হয় এবং তারা দেশ ও জাতির মুখ উজ্জ্বল করে—এমনটাই প্রত্যাশা।


সনদ বিতরণের আগে বিভিন্ন প্রশিক্ষণ বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য, সংগীত, আবৃত্তি, দলীয় সংগীত, তবলা ও গিটার বাদন এবং শাস্ত্রীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানের এই পর্বটি যৌথভাবে সঞ্চালনা করেন সৌরভ অধিকারী অয়ন ও সুমনা তালুকদার রিদি।


অনুষ্ঠান শেষে একাডেমির দুই প্রশিক্ষক স্বপন রায় ও প্রদীপ রায়কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

এল আর রাজু/ ডি আর ডি

মন্তব্য করুন: