সুনামগঞ্জে ৪৩ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

র‍্যাবের অভিযান

সুনামগঞ্জে ৪৩ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২১/০৫/২০২৬ ২২:৩৫:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৪৩ বোতল বিদেশি মদসহ মোঃ নূরজামাল (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। বৃহস্পতিবার (২১ মে) সকাল সোয়া ১১টার দিকে সদর উপজেলার কুতুবপুর এলাকার আব্দুর জহুর ব্রিজের পশ্চিম পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নূরজামাল জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মধ্য কাপনা এলাকার বাসিন্দা।

র‍্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওয়েজখালী বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে কুতুবপুর এলাকার আব্দুর জহুর ব্রিজের পশ্চিম পাশে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি সকাল ১১টা ২০ মিনিটে সেখানে অভিযান পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে নূরজামাল দৌড়ে পালানোর চেষ্টা করেন; এ সময় তাকে আটক করে তার সাথে থাকা সবুজ ও সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি চালিয়ে ৪৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নূরজামাল স্বীকার করেছেন যে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে এই বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

র‍্যাব-৯ জানায়, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।


এ রহমান

মন্তব্য করুন: