সিলেটে পরিবহন সেক্টরের দুই কুতুব কারাগরে

বিস্ফোরক ও ভাংচুর মামলা

সিলেটে পরিবহন সেক্টরের দুই কুতুব কারাগরে

প্রথম সিলেট প্রতিবেদন

২৭/০৭/২০২৫ ১৫:৪৭:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিস্ফোরক ও ভাংচুরের মামলায় সিলেটের পরিবহন সেক্টরের দোর্দণ্ড প্রতাপশালী দুই কুতুবকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ রোববার (২৭ জুলাই) সকালে বিস্ফোরক ও ভাংচুরের একটি মামলায় জামিন নিতে গেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শরীফুল হক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরিবহন সেক্টরের আলোচিত এই দুই শ্রমিক নেতা হলেন সেলিম আহমদ ফলিক এবং রুনু মিয়া। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল খালিক সত্যতা নিশ্চিত করেছেন। 


তিনি জানান, ২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং-বি-১৪১৮) এর নির্বাচন চলাকালে কদমতলী টার্মিনালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় সেলিম আহমদ ফলিক ১ নম্বর এবং রুনু মিয়া ২ নম্বর আসামী ছিলেন। এতদিন তারা জামিনে ছিলেন। কিন্তু রোববার (২৭ জুলাই) জামিনের আবেদন নিয়ে আদালতে উপস্থিত হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


উল্লেখ্য, আওয়ামী সরকারের আমলে ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সেলিম আহমদ ফলিক সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্তও তিনি একই পদে ছিলেন। 


২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়নের নির্বাচনে সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়ার নেতৃত্বে কদমতলী টার্মিনালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ওই বছরের ১৩ ডিসেম্বর দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম। সেই মামলায় তারা জামিনে ছিলেন। সর্বশেষ, রোববার জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

নীরব চাকলাদার

মন্তব্য করুন: