শাবিপ্রবির শিক্ষার্থীকে হুমকির অভিযোগে দোকানের কর্মচারী আটক
Led Bottom Ad

শাবিপ্রবির শিক্ষার্থীকে হুমকির অভিযোগে দোকানের কর্মচারী আটক

প্রথম সিলেট প্রতিবেদন

২৯/০৪/২০২৬ ০৯:৫২:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে মুঠোফোনে হুমকি প্রদান এবং তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আশরাফুল ইসলাম (২৫) নামে এক যুবককে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে জালালাবাদ থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। অভিযুক্ত আশরাফুল জকিগঞ্জ উপজেলার বাসিন্দা এবং মদিনা মার্কেটের একটি প্রিন্টিং দোকানের কর্মচারী।

ভুক্তভোগী শিক্ষার্থী ও প্রক্টর অফিস সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল সেমিস্টারের প্রেজেন্টেশন পেপার প্রিন্ট করতে মদিনা মার্কেটের হক ম্যানশনের একটি দোকানে যান ওই শিক্ষার্থী। সেখানে কাজের পারিশ্রমিক নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ওই কর্মচারী শিক্ষার্থীর কাছে অতিরিক্ত টাকা দাবি করেন। শিক্ষার্থী ৫০০ টাকা দিয়ে চলে আসলেও পরবর্তীতে আশরাফুল ফোন করে তাঁকে হুমকি দেন এবং দেখে নেওয়ার ভয় দেখান। এখানেই শেষ নয়, ওই কর্মচারী শিক্ষার্থীর ফোন নম্বরটি হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের বিভিন্ন অসামাজিক গ্রুপে ছড়িয়ে দেন বলে অভিযোগ ওঠে। এর ফলে গত দুদিন ধরে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে কুরুচিপূর্ণ ফোন ও মেসেজ আসতে থাকায় ওই শিক্ষার্থী চরম মানসিক হেনস্তার শিকার হন।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির পরিপ্রেক্ষিতে থানার উপ-পরিদর্শক সাগর অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাদমিম হাসান সিফাত জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আশরাফুল তাঁর অপরাধ স্বীকার করেছেন, যার ভিত্তিতে তাঁকে আইনি হেফাজতে নেওয়া হয়েছে। জালালাবাদ থানার ওসি শামছুল হাবিব জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বুধবার আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad