বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুর: পুলিশসহ আহত ২১

বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুর: পুলিশসহ আহত ২১

প্রথম ডেস্ক

২১/০৪/২০২৬ ১৭:৩১:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

গাজীপুরের কালিয়াকৈরে বাৎসরিক ছুটির বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি, বিক্ষোভ ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার পল্লীবিদ্যুৎ দিঘির পাড় এলাকায় অবস্থিত ‘আহসান কম্পোজিট’ কারখানায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়ায় কারখানার ৭ কর্মকর্তা, ১১ শ্রমিক ও ৩ পুলিশ সদস্যসহ অন্তত ২১ জন আহত হয়েছেন।

জানা গেছে, বাৎসরিক ছুটির পাওনা টাকা পরিশোধের দাবিতে সকালে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ আলোচনার প্রস্তাব দিলেও শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে আগে টাকা পরিশোধের দাবিতে অনড় থাকেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করে অফিস কক্ষের চেয়ার, টেবিল, কম্পিউটার ও ল্যাপটপসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। বাধা দিতে গেলে শ্রমিকদের হামলায় কারখানার ৭ কর্মকর্তা আহত হন। খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

শ্রমিকদের অভিযোগ, পাওনা টাকা দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ টালবাহানা করছে এবং পুলিশ এসে তাদের ওপর চড়াও হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বাৎসরিক ছুটির বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন: