প্রবাসীর স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল:অভিযোগে সুনামগঞ্জে টিকটকার গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল:অভিযোগে সুনামগঞ্জে টিকটকার গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৫/০২/২০২৬ ১৩:১৯:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রতারণা, ধর্ষণ এবং অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শোয়েব আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় জেলার তাহিরপুর থানাধীন বাদাঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।


​গ্রেপ্তারকৃত শোয়েব আহমেদ তাহিরপুর উপজেলার শিমুলতলা গ্রামের গুলজার মিয়ার ছেলে। সে পেশায় একটি মিষ্টির দোকানের কর্মচারী এবং টিকটকের মাধ্যমে ভিকটিমের সঙ্গে পরিচয় গড়ে তুলেছিল।


​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওমান প্রবাসীর স্ত্রীর সঙ্গে টিকটকের মাধ্যমে শোয়েবের পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৪ই ডিসেম্বর এবং ১৭ই ডিসেম্বর ২০২৫ তারিখে তারা শহরের কালীবাড়ির মোড় এলাকায় অবস্থিত ‘হোটেল ওমর’-এ ভুয়া স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে অবস্থান করেন। অভিযোগ রয়েছে, হোটেল ম্যানেজারকে ম্যানেজ করে তারা সেখানে রাত্রিযাপন করেন।


​সম্প্রতি ভিকটিমের স্বামী ওমান থেকে দেশে ফিরলে তিনি শোয়েবের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে শোয়েব কৌশলে ভিকটিমের মোবাইল থেকে হাতিয়ে নেওয়া স্বামী-স্ত্রীর কিছু ব্যক্তিগত ও অন্তরঙ্গ ভিডিও এবং ছবি নিজের ফেসবুক ওয়ালে আপলোড করে দেয়। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হলে ভিকটিম ও তার পরিবার সামাজিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েন।


​ঘটনাটি জানাজানি হওয়ার পর ভিকটিম ও তার স্বামী সুনামগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন সেখের নির্দেশনায় এসআই জহির হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে। বুধবার সন্ধ্যায় বাদাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


​সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন সেখ জানান "অভিযোগ পাওয়ার পরপরই আমরা বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়েছি। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার ব্যবহৃত ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


​এদিকে, ভুয়া পরিচয় দিয়ে হোটেলে রুম ভাড়া দেওয়ার ঘটনায় ‘হোটেল ওমর’ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের অনৈতিক কাজে সহযোগিতা করা হোটেলগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পি ডি

মন্তব্য করুন: