সরাইল রিজিউন কমান্ডার
‘শান্তিপূর্ণ পরিবেশ ও ভোটাধিকার রক্ষায় বিজিবি বদ্ধপরিকর’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সক্রিয় ভূমিকা পালনে বদ্ধপরিকর। সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বিজিবি সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিজিবির সরাইল রিজিউন কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান এসব কথা বলেন।
রিজিউন কমান্ডার জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরাইল রিজিউনের আওতাধীন ৪টি সেক্টর (সিলেট, শ্রীমঙ্গল, কুমিল্লা ও ময়মনসিংহ) এর ১৭টি জেলার ৫৬টি উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ১৩টি ব্যাটালিয়ন থেকে মোট ৩৩০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এই সদস্যরা মোট ৯২টি সংসদীয় আসনের নিরাপত্তা নিশ্চিত করবেন। বিজিবি সদস্যরা জেলা ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় ক্যাম্প স্থাপন এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে সার্বক্ষণিক নজরদারি চালাবেন।
নির্বাচনকালীন নজরদারি আধুনিক করতে বিজিবি এবার ড্রোন এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। কর্নেল তৌহিদ হাসান বলেন, “এবারের নির্বাচন হবে আনন্দঘন ও উৎসবমুখর। বিজিবির প্রতিটি সদস্য দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করছেন।”
প্রেস ব্রিফিংয়ে আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। এ সময় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজিবি কর্মকর্তারা জানান, নির্বাচনের দিন এবং এর আগে-পরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি সদস্যরা মাঠ পর্যায়ে সদা প্রস্তুত থাকবেন।
এ রহমান
মন্তব্য করুন: