চুরির ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ,আহত অর্ধশতাধিক

চুরির ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ,আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৬/১১/২০২৬ ১৫:৫৩:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ সদর উপজেলায় চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর ও নিজামপুর ইউনিয়নের নিতাইরচক গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে প্রথমে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় গ্রামের লোকজন

দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সংঘর্ষ ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করে। দুই পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলতে থাকে। টানা প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় মুরুব্বিরা একাধিকবার চেষ্টা চালান। তবে তাদের প্রচেষ্টা সত্ত্বেও সংঘর্ষ থামানো সম্ভব হয়নি। পরে সংঘর্ষের খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। পরে পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে এবং এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, দুই গ্রামের মধ্যে এমন সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) জাহিদুল হক জানান সদর উপজেলার দুই গ্রামের সংঘর্ষের খবর শুনে আমিসহ একদল পুলিশ ঘটনার স্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।



ফয়সল চৌধুরী / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad