গোয়াইনঘাটে সরকারি খাস জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন

গোয়াইনঘাটে সরকারি খাস জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

২৭/০১/২০২৬ ১৮:১৬:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের সরকারি খাস জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। দখল করে নির্মাণাধীন অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।


মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গোয়াইনঘাট উপজেলার লামার বাজার ব্রিজসংলগ্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নির্দেশে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।


উপজেলা প্রশাসন সূত্র জানায়, হাদারপার পার গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে ফয়জুর রহমান ও তাঁর পরিবার প্রায় এক মাস ধরে ওই এলাকায় প্রায় ৬ শতক সরকারি খাস জমি দখল করে মাটি ভরাট করে দোকানঘর নির্মাণ শুরু করেন। বারবার নিষেধ করা হলেও তাঁরা কাজ বন্ধ করেননি।


অভিযানে প্রায় ৬ শতক জমি দখলমুক্ত করা হয়। এ সময় নির্মাণাধীন পাকা পিলার ও শ্রমিকদের থাকার অস্থায়ী সেড ভেঙে দেওয়া হয়। পাশাপাশি নির্মাণসামগ্রী হিসেবে রড, সিমেন্ট, ঢেউটিন ও একটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে জড়িত কাউকে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


উচ্ছেদ অভিযানে সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আলমগীর হোসেন, গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যরা এবং উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তারা।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, ‘সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের চেষ্টা করা হচ্ছিল। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নিষেধ করা হলেও তা অমান্য করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে তাদের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।’

তাহির আহমদ

মন্তব্য করুন: