আমেরিকায় গণিতে পিএইচডি অর্জন করলেন বড়লেখার ইমরান

আমেরিকায় গণিতে পিএইচডি অর্জন করলেন বড়লেখার ইমরান

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০৪/০১/২০২৬ ১৮:৫২:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তরুণ ইমরান হোসেন যুক্তরাষ্ট্রে গণিত বিষয়ে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন। তিনি ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন (ইউটিএ) থেকে এ ডিগ্রি লাভ করেন।


ইমরান হোসেনের বাড়ি বড়লেখা উপজেলার তারাদরম গ্রামে। একটি সাধারণ পরিবারে জন্ম নেওয়া ইমরানের শিক্ষাজীবনের শুরু ছিল নানা প্রতিকূলতায় ভরা। সরকারি অবকাঠামোর অভাবে কখনো খোলা আকাশের নিচে, কখনো বাড়ির উঠানে বসে পড়াশোনা করতে হয়েছে তাঁকে। শৈশব থেকেই গণিতে তাঁর আগ্রহ ছিল।


তিনি তারাদরম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুড়াউল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর বড়লেখা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং সিলেটের মুরারি চাঁদ কলেজ থেকে গণিত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


২০১৯ সালে সম্পূর্ণ স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে যান ইমরান। পরে ২০২২ সালে ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটনে পিএইচডি গবেষণা শুরু করেন। ২০২৫ সালের মে মাসে তিনি সফলভাবে ডক্টরেট সম্পন্ন করেন।


পিএইচডি চলাকালে ইমরান হোসেন ব্যক্তিগত জীবনে বড় ধরনের সংকটের মুখে পড়েন। এ সময় তাঁর বাবা ইসলাম উদ্দিনের মৃত্যু হয়। একই সঙ্গে অসুস্থ মা ও দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত ছোট ভাইয়ের দায়িত্বও তাঁকে সামলাতে হয়।


ইমরান হোসেন বলেন, এই অর্জনের পেছনে তাঁর পরিবার, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের অবদান রয়েছে। ভবিষ্যতে তিনি গণিত গবেষণা ও শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকতে চান।


স্থানীয়দের মতে, প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে আন্তর্জাতিক অঙ্গনে ইমরান হোসেনের এই সাফল্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে।

ডি আর ডি

মন্তব্য করুন: