কমলগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রহস্যজনক মৃত্যুর শঙ্কা পরিবারে

কমলগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

০৮/১২/২০২৫ ২৩:৩৯:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামপাশা গ্রামে মো. আক্কাছ মিয়া (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) সকালে বাড়ির পাশের ধলাই নদীর পাড়ে গাছের সঙ্গে চাদর দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। আক্কাছ পেশায় রংমিস্ত্রি ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, সকালে আক্কাছের ছোট ভাই হাসান তাকে খুঁজতে গিয়ে নদীর পাড়ে আক্কাছের সাইকেল দেখতে পান। পরে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পান তিনি।

স্থানীয়দের দাবি, লাশের দুই পা মাটিতে লেগে ছিল—যা মৃত্যুকে ঘিরে রহস্য ও হত্যার সন্দেহ সৃষ্টি করেছে।

পরিবার জানায়, রোববার রাত ৯টার দিকে ভানুগাছ বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা হওয়ার আগে আক্কাছ বাবার কাছ থেকে ৫০ টাকা নেন। রাত ১০টার দিকে বড় চাচা মো. নওশাদ মিয়া তাকে সফাত আলী সিনিয়র মাদ্রাসার কাছে দেখতে পান। তবে আর বাড়িতে ফেরেননি। পরিবার থেকে মোবাইলে কল করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

সোমবার সকাল পৌনে ৭টার দিকে প্রতিবেশী মো. শওকত বক্স বিষয়টি জানিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,“ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।”


এ রহমান

মন্তব্য করুন: