মৌলভীবাজারে প্রতিবাদের মুখে এনসিপির জেলা কমিটি স্থগিত

মৌলভীবাজারে প্রতিবাদের মুখে এনসিপির জেলা কমিটি স্থগিত

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২১/০৬/২০২৫ ১০:০৭:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩১ সদস্য বিশিষ্ট জেলা সমন্বয় কমিটিকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা ও বিতর্ক ছড়িয়ে পড়েছে। এ নিয়ে শুক্রবার মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩১ সদস্য বিশিষ্ট জেলা সমন্বয় কমিটি বাতিলের দাবিতে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন সাধারণ ছাত্রজনতা।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘এক দুই তিন চার, প্রীতম তুই গাদ্দার’, ‘বয়কট বয়কট, প্রীতম দাশ বয়কট’, ‘প্রীতম না সান্ডা,  সান্ডা-সান্ডা’ ইত্যাদি স্লোগান দেন। মানববন্ধনে  বক্তব্য দেন, শাহ উসমান আলী জাকি, আব্দুল্লাহ আল হোসাইন, জুবায়েল আহমদ, জাবেদ রহমান, রাজমিন জেনি, মাসনুন আলামিন, রাজন ভূইয়া, মামুন রহমান রাজু, ফাহিম আহমদ জনি প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন, কমিটিতে অনেকেই প্রীতম দাশের পছন্দমতো নির্বাচিত হয়েছেন, যাদের মধ্যে কেউ কেউ আগে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে জড়িত ছিলেন। কমিটির প্রধান সমন্বয়কারী খালেদ হাসানকে তারা আওয়ামী লীগের দালাল, কমিটির সদস্য প্রলয় বিশ্বাসকে আওয়ামী লীগের দোসর ও ইসকনের সদস্য, বৈশিষ্ট্য গোয়ালার বিরুদ্ধে যুবলীগ, ফাহাদ আলওমর বিরুদ্ধে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ তুলেন। 


বক্তারা বলেন, আমরা দেখতে পাচ্ছি প্রীতম দাশ আওয়ামী লীগ এবং ইসকনকে পুনর্বাসন করছেন। কমিটিতে এমন কয়েকজনকে অন্তর্ভুক্ত করেছেন যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কোনো সময় ছিলেন না। আবার যারা জুলাই বিপ্লবে সরাসরি সম্পৃক্ত ছিলেন এমন অনেককে কমিটিতে যুক্ত না করার অভিযোগও তুলেন তারা। মানববন্ধকারীরা আরও বলেন প্রীতম দাশ অর্থ বাণিজ্যের মাধ্যমে আওয়ামীলীগের দোসর ও ইসকন সদস্যকে কমিটিতে স্থান দিয়েছেন। এতে এনসিপির আদর্শ ও নীতি বিকৃত হওয়ায় আমরা তার এই হীন প্রচেষ্টার প্রতিবাদ জানিয়ে প্রীতম দাশকে অবাঞ্চিত ঘোষণা করেছি।


এই প্রতিবাদের প্রেক্ষিতে শুক্রবার মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটি স্থগিত ঘোষণা করা হয়। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া। তিনি বলেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব স্থগিতের বিষয়টি জানিয়েছেন এবং অফিসিয়াল পেইজ থেকে কমিটির তালিকা সরিয়ে ফেলা হয়েছে।


এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে কোনো সাড়া মেলেনি।


প্রসঙ্গত, এর আগে গত বুধবার এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক সারজিস আলমের যৌথ স্বাক্ষরে মৌলভীবাজার জেলার সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়। 

সজল আহমদ

মন্তব্য করুন: