মৌলভীবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগ , উদ্ধার ১
মৌলভীবাজারে পূর্বশত্রুতার জেরে সিএনজিচালিত অটোরিকশার গতি রোধ করে এক যুবককে অপহরণ ও মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আশঙ্কাজনক অবস্থায় ওই ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। ভুক্তভোগী তোফায়েল মিয়া মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের সুমারাই গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীর ভাষ্যমতে, গতকাল (২৩ অক্টোবর) শুক্রবার দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটের দিকে তিনি মৌলভীবাজার শহর থেকে সিএনজিযোগে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আখাইলকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুজ্জামান, তাঁর ভাই উপজেলা বিএনপির প্রচার সম্পাদক শফিউল ইসলাম জগলু এবং তাঁদের ভাই-ভাতিজাসহ ১৫-১৬ জনের একটি দল সিএনজিটির গতি রোধ করে।
অভিযোগ উঠেছে, হামলাকারীরা তোফায়েলকে জোরপূর্বক টেনেহিঁচড়ে নামিয়ে ফখরুজ্জামানের বাড়িতে নিয়ে যায়। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয় এবং ঘটনা ধামাচাপা দিতে ঘরের ভেতর আটকে রাখা হয়।
ভুক্তভোগীর মা জানান, "হামলাকারীরা সংঘবদ্ধ হয়ে আমার ছেলেকে মারধর করে বাড়িতে আটকে রেখেছিল। পরবর্তীতে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে আনে।"
ঘটনার খবর পেয়ে মৌলভীবাজার সদর থানা পুলিশ দ্রুত ফখরুজ্জামানের বাড়িতে অভিযান চালিয়ে ভুক্তভোগী তোফায়েলকে উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনার পর ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এলাকার সচেতন নাগরিকরা রাজনৈতিক প্রভাবমুক্ত তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানিয়েছেন।
কামরান আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: