শাহরুখ খানের জন্মদিন আজ
বলিউডের ‘বাদশাহ’ খ্যাত শাহরুখ খানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর নয়াদিল্লিতে জন্ম নেওয়া এই অভিনেতার বয়স আজ ৬১ বছর। তিন দশকের বেশি সময় ধরে অভিনয় দিয়ে ভারতসহ বিশ্বের কোটি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
টেলিভিশন ধারাবাহিক ‘ফৌজি’ ও ‘সার্কাস’ দিয়ে অভিনয়জীবন শুরু করেন শাহরুখ। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’ ও ‘ভীর-জারা’র মতো সিনেমায় অভিনয় করে হয়ে ওঠেন ‘কিং অব রোমান্স’।
শুধু প্রেমের সিনেমা নয়, ‘স্বদেশ’, ‘চাক দে! ইন্ডিয়া’, ‘ডন’ সিরিজ, ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেও দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। কাজ করেছেন যশ চোপড়া, করণ জোহর, সঞ্জয়লীলা বানসালি ও রাজকুমার হিরানির মতো খ্যাতিমান পরিচালকদের সঙ্গে।
দীর্ঘ অভিনয়জীবনে শাহরুখ নিজেকে বলিউডের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ভারত ছাড়াও ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে রয়েছে তার বিপুলসংখ্যক ভক্ত। প্রতি বছর জন্মদিনে মুম্বাইয়ের বাসভবন ‘মান্নাত’-এর সামনে প্রিয় তারকাকে একনজর দেখতে ভিড় করেন হাজারো অনুরাগী।
ব্যক্তিজীবনে স্ত্রী গৌরী খান ও তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়ে তার সংসার। অভিনয়ের পাশাপাশি মানবিকতা, বিনয় ও পরিবারের প্রতি ভালোবাসার জন্যও ভক্তদের কাছে সমাদৃত এই অভিনেতা। ৬১ বছর বয়সেও অভিনয় ও জনপ্রিয়তার দৌড়ে নিজের অবস্থান ধরে রেখেছেন বলিউডের এই বাদশাহ।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: