সিলেটে নতুন স্থলবন্দর স্থাপনের আশ্বাস প্রবাসীকল্যাণ মন্ত্রীর
সিলেট অঞ্চলের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন এবং সীমান্ত বাণিজ্যের প্রসারে প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ কোম্পানীগঞ্জে বিদ্যমান স্থলবন্দরের পাশাপাশি ভবিষ্যতে আরও একটি নতুন স্থলবন্দর স্থাপনের আশ্বাস দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) সিলেট নগরীর শহীদ সোলেমান হলে আয়োজিত কোম্পানীগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “বর্তমান সরকার আঞ্চলিক সুষম উন্নয়নে অত্যন্ত আন্তরিক। এই সুনির্দিষ্ট ভাবনার অংশ হিসেবেই সিলেট অঞ্চলের সার্বিক ও টেকসই উন্নয়ন সাধিত হচ্ছে।”
তিনি আরও জানান, কোম্পানীগঞ্জ উপজেলার স্বাস্থ্যসেবা ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতে বেশ কিছু যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত হলে স্থানীয় জনগণ সরাসরি উপকৃত হওয়ার পাশাপাশি পুরো এলাকার পর্যটন সম্ভাবনা ও প্রাকৃতিক সম্পদের সুষম ব্যবহার বহুলাংশে নিশ্চিত হবে।
আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি প্রেরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করে প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রবাসগামীদের উদ্দেশ্যে বলেন, “বিদেশ যাওয়ার পূর্বেই আমাদের যুবসমাজ তথা জনশক্তিকে ন্যূনতম কারিগরি বা টেকনিক্যাল জ্ঞান অর্জন করতে হবে। একই সাথে গন্তব্য দেশের ভাষার ওপর অন্তত প্রাথমিক দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি, যা তাদের কর্মসংস্থান ও অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।”
কোম্পানীগঞ্জ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. তোতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শামসুল ইসলাম, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সমিতির সভাপতি রফিকুল হক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেইনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: