মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ডাকাতি, ১৫ ভরি স্বর্ণ লুট!
মৌলভীবাজারের রাজনগরে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ১৫ ভরি স্বর্ণালংকার, ৫ ভরি রুপার অলংকার ও নগদ ৪২ হাজার টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বাড়ির গৃহকর্তা অবসরপ্রাপ্ত শিক্ষক কান্দর্প কুমার ভট্টাচার্য।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের নন্দীউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কান্দর্প কুমার ভট্টাচার্য জানান, পূজা উপলক্ষে তাঁর মেয়েরা বাড়িতে বেড়াতে এসেছিলেন। এ সুযোগে রাত আনুমানিক পৌনে ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল তাঁদের বাড়িতে প্রবেশ করে। পরে বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে এবং চোখ-মুখ কাপড় দিয়ে আটকে রাখে। একপর্যায়ে আলমারির লকার ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার, ৫ ভরি রুপার অলংকার ও নগদ ৪২ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা।
তিনি আরও জানান, ডাকাতদের বাধা দিতে ও ধাওয়া করতে গেলে তাঁকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে রাজনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরও ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী প্রথম সিলেটকে বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তাদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কামরান আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: