আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের এস মেঘনা
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী ক্রিকেটার এস মেঘনা। ২০২২ সালের অক্টোবরের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে। ৩০ বছর বয়সী এই ব্যাটার ভারতের হয়ে ২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
জাতীয় দলে অনিয়মিত হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নিয়মিত মুখ তিনি। উইমেন্স প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপাজয়ী দলের সদস্যও ছিলেন মেঘনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান মেঘনা। ক্রিকেটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, খেলোয়াড় হিসেবে সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ের এই মুহূর্তে তার হৃদয় কৃতজ্ঞতায় ভরে আছে। ক্রিকেট মাঠকে নিজের দ্বিতীয় বাড়ি উল্লেখ করে তিনি বলেন, এই খেলা তাকে প্রতিকূলতা মোকাবিলা করতে শিখিয়েছে, শিখিয়েছে বিনয়। একই সঙ্গে দিয়েছে অসংখ্য স্মৃতি ও বন্ধুত্ব, যা আজীবন তার সঙ্গে থাকবে।
অন্ধ্রপ্রদেশের এই ক্রিকেটারের আন্তর্জাতিক অভিষেক হয় ২০১৬ সালের নভেম্বরে। বিজয়ওয়াড়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন তিনি। অভিষেক ম্যাচে ১৬ বলে ১৭ রান করলেও ভারত হেরে যায় ৩১ রানে।
এরপর ২০২২ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মেঘনার। কুইন্সটাউনে অনুষ্ঠিত সেই ম্যাচে ১৪ বলে ৪ রান করেছিলেন তিনি। তবে সিরিজের পরের দুই ম্যাচে ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই ব্যাটার। দ্বিতীয় ম্যাচে ৫০ বলে ৪৯ রান করার পর তৃতীয় ম্যাচে খেলেন ৪১ বলে ৬১ রানের ইনিংস।
ওয়ানডে ক্রিকেটে তিন ম্যাচে তার সংগ্রহ ১১৪ রান। অন্যদিকে, ১৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ১০২.৭৮ স্ট্রাইক রেটে করেছেন ২৫৮ রান।
অবসরের ঘোষণায় ক্রিকেটের সঙ্গে ভবিষ্যতেও যুক্ত থাকার প্রত্যয় জানিয়েছেন মেঘনা। তিনি বলেন, মাঠের খেলোয়াড় হিসেবে অধ্যায় শেষ হলেও ক্রিকেটের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না। জীবনের বাকি সময় এই খেলার সেবায় ব্যয় করতে চান তিনি। নতুন প্রজন্মের ক্রিকেটারদের পথ দেখানোর পাশাপাশি ক্রিকেট থেকে পাওয়া অভিজ্ঞতা ও অর্জনের প্রতিদানও দিতে চান।
উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথমে গুজরাট জায়ান্টসের প্রতিনিধিত্ব করেন তিনি। পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দেন এবং দলটির হয়ে টানা দুই মৌসুম খেলেন। ২০২৪ সালে বেঙ্গালুরুর শিরোপাজয়ী দলের অংশ ছিলেন এই ভারতীয় ব্যাটার।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: