সুনামগঞ্জে নদী দখল-দূষণে কঠোর ব্যবস্থার দাবি
অপরিকল্পিত উন্নয়ন, নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলনের কারণে সুনামগঞ্জের বিভিন্ন নদী ও হাওরের পরিবেশ এবং স্বাভাবিক প্রবাহ হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতারা। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে অবৈধ দখলদারদের উচ্ছেদ, দূষণ বন্ধ এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
বিশ্ব নদী দিবস উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়। দখল-দূষণমুক্ত, প্রবাহমান ও জীবন্ত নদী চাই’ স্লোগানে হাওর ও নদী রক্ষা আন্দোলন, সুনামগঞ্জ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
সংগঠনের জেলা সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জের প্রকৃতি, কৃষি, মৎস্যসম্পদ ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে নদী ও হাওরের নিবিড় সম্পর্ক রয়েছে। নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হলে এর প্রভাব পড়ে পরিবেশ, জীববৈচিত্র্য ও স্থানীয় মানুষের জীবনযাত্রায়।
বক্তারা আরও বলেন, সুরমা, জাদুকাটা, কুশিয়ারা, চলতি, চিলাই, খাসিয়ামারা, মুগাই, রক্তি, মহাসিং, নলজুরি ও ধোপাজানসহ জেলার বিভিন্ন নদী নানা কারণে হুমকির মুখে রয়েছে। নদী দখল, দূষণ, অপরিকল্পিত উন্নয়ন ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।
মানববন্ধন থেকে নদীর সীমানা নির্ধারণ করে অবৈধ দখল উচ্ছেদ, নদীতে বর্জ্য ফেলা বন্ধ, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং সংশ্লিষ্ট আইন কঠোরভাবে প্রয়োগের দাবি জানানো হয়। একই সঙ্গে নদী রক্ষায় প্রশাসনের নজরদারি বাড়ানো এবং নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
তাঁরা আরও বলেন, নদী রক্ষা শুধু পরিবেশবাদী সংগঠনগুলোর দায়িত্ব নয়; এটি সামগ্রিকভাবে মানুষের অস্তিত্ব, অর্থনীতি ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থের সঙ্গে জড়িত। তাই নদী ও হাওর রক্ষায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
মানববন্ধনে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপদেষ্টা চিত্তরঞ্জন তালুকদার, পরিমল কান্তি দে, সুখেন্দু সেন ও কানিজ ফাতেমা, সহসভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনু ও ওবায়দুল মুন্সী, সাংগঠনিক সম্পাদক ইজাজুল হক চৌধুরী নাছিম, বাঁধবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোশফিকুর রহমান স্বপন, সদস্য কর্ণবাবু দাশ, সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ ও পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক বাবলুসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী, পরিবেশবাদী, শিক্ষক, সাংবাদিক এবং নদীপারের সাধারণ মানুষ অংশ নেন।
প্রীতম দাস / রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: