‘সোনালী কাবিন’ খ্যাত কবি আল মাহমুদের জন্মবার্ষিকী আজ

‘সোনালী কাবিন’ খ্যাত কবি আল মাহমুদের জন্মবার্ষিকী আজ

প্রথম ডেস্ক

১১/০৭/২০২৬ ১৩:২৪:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‘সোনালী কাবিন’ খ্যাত বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল এলাকায় জন্মগ্রহণ করেন এই বরেণ্য কবি। তাঁর প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। বহুমাত্রিক কাব্যভাষা, লোকজ ঐতিহ্য ও গ্রামীণ জীবনচিত্রের অনন্য শিল্পরূপের মাধ্যমে বাংলা কবিতায় তিনি এক নিজস্ব ও কালোত্তীর্ণ ধারা নির্মাণ করে গেছেন।

ষাটের দশকে ‘লোক লোকান্তর' ও ‘কালের কলস' কাব্যগ্রন্থের মাধ্যমে বাংলা কবিতায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন আল মাহমুদ। পরবর্তীতে ১৯৭৩ সালে প্রকাশিত ‘সোনালী কাবিন' তাঁকে বাংলা সাহিত্যের প্রথম সারির কবিদের কাতারে প্রতিষ্ঠিত করে। ভাটি বাংলার নদী, চরাঞ্চলের মানুষের জীবন, গ্রামীণ প্রেম-বিরহ, লোকজ সংস্কৃতি এবং আঞ্চলিক ভাষার সৃজনশীল ও নান্দনিক ব্যবহারে তাঁর কবিতা লাভ করেছে এক অনন্য শিল্পরূপ।

কবি আল মাহমুদ একাধারে ছিলেন শিশুসাহিত্যিক ও সাংবাদিক। কথাসাহিত্যেও তিনি দেখিয়েছেন অসামান্য মুন্সিয়ানা। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘পানকেৌড়ির রক্ত', ‘কবি ও কোলাহল' এবং মুক্তিযুদ্ধভিত্তিক কালজয়ী উপন্যাস ‘কাবিলের বোন'।

বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আল মাহমুদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ বহু জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হন। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি এই মহান কবি ইন্তেকাল করেন।

আজ তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ‘কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ’ ‎তিন দিনব্যাপী স্মরণোত্সবের আয়োজন করেছে। এ ছাড়া দেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করছে প্রিয় কবিকে।

আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad