হবিগঞ্জে দুই চেয়ারম্যানের দ্বন্দ্বে ওসিসহ আহত ৫০

হবিগঞ্জে দুই চেয়ারম্যানের দ্বন্দ্বে ওসিসহ আহত ৫০

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৮/০৬/২০২৬ ১৫:৫১:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর নিয়ে বর্তমান চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চার পুলিশ সদস্য ও উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আজ সোমবার (৮ জুন) দুপুর ১২টা থেকে সোয়া দুইটা পর্যন্ত উপজেলার বড়ইউড়ি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড টিয়ারশেল ও ৪ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান। এরপর তাকে সাময়িক বরখাস্ত করে ইউপি সদস্য কফিল উদ্দিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি ফরিদ উদ্দিন আদালত থেকে জামিনে মুক্তি পান এবং উচ্চ আদালতে রিট করে চেয়ারম্যান পদ ফিরে পান।


আজ সোমবার দুপুরে ফরিদ উদ্দিন চেয়ারম্যানের দায়িত্ব নিতে পরিষদে গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কফিল উদ্দিনের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা ও ঝগড়া হয়। একপর্যায়ে দুই নেতার পক্ষ নিয়ে গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পাল্টাপাল্টি অবস্থান নেন। দুপুর ১২টার দিকে উভয় পক্ষ এক পক্ষ অপর পক্ষের ওপর ঝাঁপিয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে বানিয়াচং থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বেলা সোয়া দুইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এই সংঘর্ষে ওসিসহ চার পুলিশ সদস্য এবং উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের উদ্ধার করে বানিয়াচং ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।


বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক প্ঘরথম সিলেটকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সংঘর্ষ থামাতে গিয়ে আমি নিজে এবং আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছি। আমরা প্রাথমিক চিকিৎসা নিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। হাঙ্গামাকারীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে এবং গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

স্বপন রবি দাস / ডি আর ডি

মন্তব্য করুন: