উদ্ধারকাজ চলমান
হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় সিলেটগামী ৯৫১ নং তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় ঢাকা বিভাগীয় রেল কর্মকর্তা এ বি এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। বিভাগীয় কর্মকর্তাকে প্রধান করে গঠিত এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (১ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী জ্বালানি তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রমকালে বিকট শব্দে পাঁচটি ওয়াগনসহ লাইনচ্যুত হয় এবং এর মধ্যে একটি বগি রেললাইনের পাশের খাদে পড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় উৎসুক জনতা তেল সংগ্রহের চেষ্টা চালালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম ও শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের মাস্টার লিটন কুমার চন্দ্র দেব জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত উদ্ধার অভিযান চললেও রেলযোগাযোগ স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এই দুর্ঘটনার ফলে ঢাকা ও চট্টগ্রাম থেকে সিলেটগামী এবং সিলেট থেকে ছেড়ে যাওয়া সকল আন্তঃনগর ট্রেনের সময়সূচি বিপর্যয়ে পড়ায় সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ আপাতত বিচ্ছিন্ন রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: