ঢাকা–সিলেট মহাসড়কে চাঁদা দাবির অভিযোগে আটক ১
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কায়সার নগর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে চাঁদা দাবির অভিযোগে বাছির মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। বাছির মিয়া উপজেলার বেংগাডোবা গ্রামের মৃত নুর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে কায়সার নগর বাসস্ট্যান্ডে সিলেটগামী একটি মাইক্রোবাসে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে চালকের কাছে টাকা দাবি করেন বাছির মিয়া। চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে চালক ও যাত্রীদের মারধর এবং অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে আজ সকাল ১০টার দিকে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে কায়সার নগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে আটক করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: