কমলগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার

কমলগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

১৫/০১/২০২৬ ১৫:৫৮:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাব।

র‍্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল গত বুধবার দিবাগত রাত ১০টার দিকে অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযানে উপজেলার মাধবপুর ক্লাব বাংলা রোড সংলগ্ন পাত্রখোলা শ্মশান এলাকার একটি নির্জন স্থান থেকে এসব এয়ারগান উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক বছরে র‍্যাব-৯ এর আওতাধীন সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মোট ৩৬টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৫টি ম্যাগাজিন, ৬ হাজার ৩৩০ গ্রাম বিস্ফোরক, ৩৮টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা এবং ৫৩টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত এয়ারগানগুলো কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে।

এ রহমান

মন্তব্য করুন: