সুরমা নদীতে নৌকা বাইচে প্রাণহানি: কানাইঘাটে মিলল নিখোঁজের মরদেহ
সিলেটের জকিগঞ্জ উপজেলার মরিচা এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতার সময় সুরমা নদীতে ডুবে নিখোঁজ হওয়ার তিন দিন পর হাসিম আলী (৫০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ এলাকায় ভেসে ওঠা মরদেহ স্থানীয়রা শনাক্ত করেন।
হাসিম আলী জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের বালিটেকা গ্রামের মৃত রজিব আলীর ছেলে। তিনি এক ছেলে ও চার মেয়ের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মরিচা এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা চলাকালে একটি ইঞ্জিনচালিত নৌকার ঢেউয়ের কারণে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একটি নৌকা ডুবে যায়। নৌকার অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও হাসিম আলী পানিতে তলিয়ে যান। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার অভিযানে নামে এবং জকিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলও কয়েক দিন চেষ্টা চালায়, কিন্তু তাকে জীবিত বা মৃত অবস্থায় খুঁজে পাওয়া যায়নি। অবশেষে বুধবার বিকেলে কানাইঘাটের মমতাজগঞ্জ এলাকায় ভেসে ওঠে তাঁর মরদেহ।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে প্রশাসনকে কোনোভাবে অবহিত করা হয়নি। নিখোঁজ হাসিম আলীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই তদন্ত শুরু হয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।”
এ রহমান
মন্তব্য করুন: