সিলেট জেলা মহিলা সংস্থার নেতৃত্বে প্রজ্ঞাবান ও আধুনিক নেতৃত্বের বার্তা

আলোচনায় সাবিনা খান পপি

সিলেট জেলা মহিলা সংস্থার নেতৃত্বে প্রজ্ঞাবান ও আধুনিক নেতৃত্বের বার্তা

সুলতান মোহাম্মদ, ঢাকা অফিস

১১/১১/২০২৬ ১৮:১৮:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রাজনৈতিক পটপরিবর্তনের পর সিলেটের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সামাজিক সংস্থাগুলোতে গতি ফেরাতে শুরু করেছে প্রজ্ঞাবান ও দক্ষ নেতৃত্ব বসানোর উদ্যোগ। জেলা পরিষদ, সিটি করপোরেশন, সিউক ও সিলেট ওয়াসার ধারাবাহিকতায় এবার সিলেট জেলা মহিলা সংস্থাতেও একজন যোগ্য, আধুনিক ও রাজনৈতিক ঐতিহ্যবাহী ব্যক্তিত্বকে দায়িত্বে আনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই দৌড়ে সিলেটের রাজপথ থেকে শুরু করে সুশীল সমাজের আলোচনায় শীর্ষে উঠে এসেছে ব্যারিস্টার সাবিনা খান পপির নাম।


তিনি যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয়তাবাদী আদর্শের বিশ্বস্ত কাণ্ডারি প্রয়াত কমর উদ্দিন চৌধুরীর সুযোগ্য কন্যা। বাবার রাজনীতি ও জনসেবার আদর্শকে ধারণ করে কেবল পারিবারিক ঐতিহ্যেই সীমাবদ্ধ থাকেননি সাবিনা খান পপি; বরং নিজের আন্তর্জাতিক রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা দিয়ে সিলেটের মাঠে ময়দানে এক ভিন্নমাত্রার জনসম্পৃক্ততা তৈরি করেছেন।


গেল জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বয়ানীবাজার) আসন থেকে প্রার্থিতা প্রত্যাশী হয়ে তিনি দলের শীর্ষ নেতৃত্বের কাছে নিজের ভিশন ও কমিটমেন্ট তুলে ধরেছিলেন। সেখানে তিনি স্পষ্ট করেছিলেন যে, আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্জিত তাঁর অভিজ্ঞতা কেবল ব্যক্তি অর্জনে সীমাবদ্ধ নয়, বরং তা দলের ইতিবাচক ভাবমূর্তি গঠনে নিবেদিত।


যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে অনার্স ডিগ্রিধারী ৪৯ বছর বয়সী সাবিনা খান পপি লন্ডনের টাওয়ার হ্যামলেটস বরোর ‘মাইল এন্ড ওয়ার্ড’ থেকে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়ে ১১ বছর সফলতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। কিন্তু দেশের মাটি ও মানুষের টানে তিনি স্বেচ্ছায় আন্তর্জাতিক কাউন্সিলর পদে ইস্তফা দিয়ে বাংলাদেশে ফিরে আসেন। নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলার প্রতি শতভাগ আনুগত্য দেখিয়ে প্রার্থী তালিকা থেকে সরতেও তিনি দ্বিধা করেননি, যা তাঁর রাজনৈতিক পরিপক্বতার উৎকৃষ্ট প্রমাণ।


সাবিনা খান পপি আন্তর্জাতিক মানের যোগাযোগ ব্যবস্থায় বিশ্বাসী। ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে তাঁর দক্ষতা এবং উপজাতীয় ভাষা (সিলেটি dialect) থেকে শুরু করে প্রমিত বাংলা ও ইংরেজিতে সমান পারদর্শিতা তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে সিলেট-৬ আসনের নদীভাঙন রোধ, বর্জ্য ব্যবস্থাপনা, গ্যাস সংকট নিরসন, শিশুমৃত্যু হ্রাস এবং অবহেলিত সেতু ও সড়ক মেরামতের মতো সুনির্দিষ্ট ও জনকল্যাণমুখী ইস্যু নিয়ে তাঁর গবেষণাভিত্তিক কাজ স্থানীয় তৃণমূলে ব্যাপক প্রসংশা কুড়িয়েছে।


সিলেটের সুবিধাবঞ্চিত মানুষ এবং নারীদের সামাজিক ও অর্থনৈতিক স্বাবলম্বিতা বৃদ্ধিতে সাবিনা খান পপির অবদান সুপরিচিত। শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় তিনি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফি বহন, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ বিল পরিশোধ এবং প্রগতি এডুকেশন ট্রাস্টে ১৫ লাখ টাকার সহায়তা প্রদান করেছেন।


তাছাড়া, চণ্ডী আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ জন ছাত্রীকে স্পন্সর করা, শরীফগঞ্জ ও বড়দেশ্বরের ৩০০ জন নারীকে স্বাস্থ্য সচেতনতা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করা এবং নদীতীরবর্তী নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে তাঁর কাজ দৃশ্যমান। শহীদ পরিবারের সহায়তা, প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধাদি নির্মাণ ও ঐতিহ্যবাহী নৌকাবাইচ উৎসবের সার্বিক পৃষ্ঠোপোষকতায় তিনি ছিলেন অগ্রভাগে।


জাতীয়তাবাদী দলের সংস্কারধর্মী ৩১ দফার সাথে সঙ্গতি রেখে এবং নারী সমাজের ৫০%-এরও বেশি অংশকে জাতীয় উন্নয়ন ধারায় সম্পৃক্ত করতে সাবিনা খান পপিকে সিলেট জেলা মহিলা সংস্থার অভিভাবক হিসেবে দেখতে চান স্থানীয় নারী নেত্রী ও সুশীল সমাজ।


অভিজ্ঞতা, সর্বসাধারণের কাছে সহজলভ্যতা, আন্তর্জাতিক মানদণ্ড ও তৃণমূলের সাথে নাড়ির সখ্যতা বিবেচনায় তিনি সিলেট জেলা মহিলা সংস্থাকে একটি আধুনিক, আধুনিকপ্রযুক্তিনির্ভর ও আত্মনির্ভরশীল প্রতিষ্ঠানে রূপান্তর করতে পারবেন বলেই মত সংশ্লিষ্টদের। রাজনৈতিক উত্তরাধিকারকে জনকল্যাণ ও নারী ক্ষমতায়নের শক্ত হাতিয়ারে পরিণত করার এই প্রয়াস সিলেটের নারী সমাজের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে—এমনটাই প্রত্যাশা করছেন সর্বস্তরের মানুষ।

তাহির আহমদ/ প্রসি -২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad