সিলেটে পৃথক ঘটনায় প্রাণ গেল মা ও যুবকের; আটক ২
সিলেটের জকিগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথক দুটি সহিংস ঘটনায় মা ও এক যুবক নিহত হয়েছেন। এর মধ্যে জকিগঞ্জে সম্পত্তি লিখে দেওয়া ও টাকা না পেয়ে নেশাগ্রস্ত ছেলের হামলায় মা এবং কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অপর এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ পৃথক অভিযানে দুজনকে আটক করেছে।
জকিগঞ্জে সম্পত্তি ও টাকার জন্য ছেলের হামলায় মায়ের মৃত্যু:
সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার পঙ্গবট গ্রামে জায়গা-সম্পত্তি নিজের নামে লিখে দেওয়া এবং টাকার দাবিতে ছেলের হামলায় গুরুতর আহত মা পিয়ারা বেগম (৬৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
অভিযুক্ত ছেলে সুমন আহমদ (৩২) দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের ওপর চাপ সৃষ্টি করতেন। গত শনিবার রাতে সুমনের দাবীকৃত টাকা ও সম্পত্তি লিখে না দেওয়ায় তিনি সুপারিগাছের রুইল দিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে তার মা পিয়ারা বেগম, সৎমা কুটিনা বেগম, ভাই শাহীন আহমদ, ভাবি শাহানা বেগম এবং আড়াই বছরের শিশুকন্যা ইসরাত জাহান গুরুতর আহত হন।
পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার মধ্যরাতে পিয়ারা বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ছেলে শাহীন আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেন। ঘটনার পরপরই পুলিশ প্রধান অভিযুক্ত সুমন আহমদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
কোম্পানীগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবক খুন:
এদিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুপরিরপাড় গ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আক্তার হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
গত রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আক্তার হোসেন ও তার ভাই জাহাঙ্গীর হোসেন পুকুরে সেচ দিয়ে মাছ ধরছিলেন। এ সময় প্রতিবেশীরা বাধা দিলে কথা-কাটাকাটির একপর্যায়ে বাড়ি ফেরার পথে ৩০-৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে আক্তার হোসেন গুরুতর আহত হন এবং সোমবার ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামলায় জাহাঙ্গীর হোসেনও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি জানান, এ ঘটনায় জুয়েল আহমদ (২৮) নামের একজনকে আটক করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: