সিলেটে ডিবি পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে রিকশাচালকের মৃত্যু
সিলেটে গোয়েন্দা পুলিশের (ডিবি) শিলং তীর (জুয়া) বিরোধী অভিযান চলাকালে নদীতে ঝাঁপ দিয়ে অসুস্থ হয়ে পড়া জজ মিয়া (৬০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন কানিশাইল খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জজ মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদঘাট গ্রামের মৃত মৌলু মিয়ার ছেলে। তিনি বর্তমানে সিলেটের কোতোয়ালী মডেল থানার শামিমাবাদ এলাকার ১ নম্বর রোডে বসবাস করতেন এবং পেশায় একজন রিকশাচালক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, কানিশাইল খেয়াঘাট এলাকায় অবৈধ শিলং তীর খেলার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪ থেকে ৫ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাদের সাথে জজ মিয়া নামের ওই ব্যক্তিও দৌড়ে নদীতে ঝাঁপ দেন।
পরবর্তীতে স্থানীয় ২-৩ জনের সহযোগিতায় তাঁকে নদী থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়। উদ্ধারের পর তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের পরামর্শে ডিবি পুলিশের সদস্যরা তাঁকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসারত অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহত জজ মিয়া পূর্ব থেকেই হৃদরোগে ভুগছিলেন বলে জানা গেছে। বর্তমানে তাঁর মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: