হবিগঞ্জে ‘ভুয়া ক্যান্সার গবেষক’ জরিমানা গুনলেন ৫০ হাজার টাকা
মিথ্যা, বিভ্রান্তিমূলক ও চটকদার বিজ্ঞাপন প্রচার এবং ভুয়া পদবি ও সনদ ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে হবিগঞ্জের গণস্বাস্থ্য হোমিও হলের ‘কথিত ক্যানসার গবেষক’ ডা. সারোওয়ার আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর হবিগঞ্জ কার্যালয়ে অভিযোগের ওপর শুনানি শেষে এ জরিমানা করেন সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার কেফায়াত উল্লাহর বোনের জামাই ক্যানসারে আক্রান্ত হলে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় খোঁজ করেন। একপর্যায়ে কথিত ক্যানসার গবেষক ডা. সারোওয়ার আলমের মিথ্যা ও বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন দেখে তার কাছে চিকিৎসা নিতে যান। এসময় সারোওয়ার আলম রোগীকে বিভিন্ন ওষুধ দেন এবং চিকিৎসার নামে তার কাছ থেকে প্রায় অর্ধলক্ষাধিক টাকা নেন। তবে চিকিৎসা নেওয়ার পরও রোগীর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। একপর্যায়ে তিনি মারা যান।
পরে কেফায়াত উল্লাহ জানতে পারেন, সারোওয়ার আলম ভুয়া ক্যানসার গবেষকসহ বিভিন্ন পদবি ব্যবহার করে বিজ্ঞাপন প্রচার করছেন। তার শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পদবি নিয়েও প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে প্রতারণার অভিযোগ এনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে লিখিত অভিযোগ করেন কেফায়াত উল্লাহ।
অভিযোগের পর মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ কার্যালয়ে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে সারোওয়ার আলমের পক্ষে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী উপস্থিত ছিলেন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক তার ক্যানসার গবেষণা ও অধ্যক্ষ পদবি ব্যবহারের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান।
জবাবে আইনজীবী জানান, সারোওয়ার আলম হোমিওপ্যাথিক চিকিৎসার ওপর ২১ দিনের একটি প্রশিক্ষণ নিয়েছেন এবং বর্তমানে এ বিষয়ে তিনি গবেষণা করছেন। এছাড়া তিনি একটি কিন্ডারগার্টেন স্কুলে কিছুদিন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শুনানি শেষে ভোক্তার সঙ্গে ভুয়া পদবি ব্যবহার করে প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় সারোওয়ার আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিক জরিমানার অর্থ আদায় করা হয়।
এদিকে ভবিষ্যতে এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিমূলক ও চটকদার বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকার বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে লিখিত অঙ্গীকার করা হয়েছে বলে জানান সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।
ফয়সল চৌধুরী/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: