সিলেটে পুরনো কারাগার সরিয়ে হচ্ছে পার্ক ও মুক্তিযুদ্ধ জাদুঘর

সিলেটে পুরনো কারাগার সরিয়ে হচ্ছে পার্ক ও মুক্তিযুদ্ধ জাদুঘর

প্রথম সিলেট প্রতিবেদন

১৭/০৯/২০২৬ ২০:০৬:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

উঁচু দেয়ালের বন্দিদশা কাটিয়ে অবশেষে সবুজের ছোঁয়া পেতে যাচ্ছে সিলেট নগরের কেন্দ্রস্থলের এক ঐতিহাসিক প্রান্তর। হাজারো স্মৃতি ও ইতিহাসের নিস্তব্ধ সাক্ষী নগরের পুরোনো কেন্দ্রীয় কারাগারটি এবার উন্মুক্ত হচ্ছে সাধারণ মানুষের জন্য। চার দেয়ালের এই বন্দিশালা ভেঙে সেখানে গড়ে উঠবে চোখজুড়ানো এক নান্দনিক পার্ক, আর এরই এক কোণে মাথা তুলে দাঁড়াবে ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর’। জরাজীর্ণ কারাগারের জায়গায় নাগরিক বিনোদন ও ইতিহাসের মিলনমেলা ঘটাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কাছে এ জমি হস্তান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সিসিক প্রশাসন এবং সিলেট বিভাগীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এই যুগান্তকারী পদক্ষেপে একমত হন। এই জমি হস্তান্তরের ক্ষেত্রে কঠোর একটি শর্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে—এই প্রান্তর সম্পূর্ণভাবে জনকল্যাণ ও নাগরিক সুবিধা নিশ্চিতে ব্যবহৃত হবে, এখানে কোনো প্রকার বাণিজ্যিক স্থাপনা বা প্রতিষ্ঠান নির্মাণ করা যাবে না। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পুরোনো এই কারাগারের বন্দীদের বাদাগাটে নির্মিত নতুন কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হবে এবং একই প্রাঙ্গণে ‘সিলেট কেন্দ্রীয় কারাগার-২’ নামে আরও একটি নতুন আধুনিক কারাগার গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বাদাগাটে নতুন কারাগার চালুর পর থেকেই নগরের এই বিশাল প্রাঙ্গণটিকে বিনোদনকেন্দ্রে রূপান্তরের দীর্ঘদিনের পরিকল্পনা থাকলেও এতদিন তা বাস্তবায়নের মুখ দেখেনি। স্থানটির সঠিক ব্যবহার ও হস্তান্তর প্রক্রিয়া পর্যালোচনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির সরেজমিন প্রতিবেদনের ওপর ভিত্তি করেই অবশেষে চূড়ান্ত অনুমোদন মিলল। স্থানীয় সংসদ সদস্য এবং শিল্প, বাণিজ্য ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনী এই বিশেষ প্রতিশ্রুতি পূরণে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সমন্বিত পদক্ষেপে এ প্রকল্পের কাজ গতি পায়। শিগগিরই বন্দীদের চূড়ান্ত স্থানান্তরের মধ্য দিয়ে শুরু হবে স্বপ্নের এই পার্ক ও স্মৃতির মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের বহুল কাঙ্ক্ষিত রূপরেখা।

ডিডি/ নীরব চাকলাদার / প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad