পিকআপ আটক
হবিগঞ্জে ডিলারের দোকান থেকে সরকারি চাল পাচারের অভিযোগ
হবিগঞ্জের মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের দোকান থেকে সরকারি চাল পাচারের অভিযোগে চালভর্তি একটি পিকআপ আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর বাজারে পিকআপটি আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারুয়া গ্রামের মুঞ্জিল মিয়া অভিযোগ করেন, শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার জাহাঙ্গীর ভূঁইয়ার দোকান থেকে সরকারি চাল পিকআপে করে অন্যত্র নেওয়া হচ্ছিল।
খবর পেয়ে স্থানীয় লোকজন শাহপুর বাজারে পিকআপটি আটক করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাল ভর্তি পিকআপ স্থানীয় জনতার হাতে আটক করার ভিডিও ভাইরাল।
স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল পাওয়ার কথা থাকলেও অনেক উপকারভোগী চাল না পেয়ে ফিরে গেছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে ডিলার জাহাঙ্গীর ভূঁইয়ার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়ায় ডাক্তারের কাছে আছি এসে বিস্তারিত জানাব।
মাধবপুর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা আমিরুল ফারুক জানান, ঘটনাস্থলে দুই খাদ্য পরিদর্শক পাঠাইছি।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “ঘটনাটি শুনেছি। উপজেলা খাদ্য কর্মকর্তা ও খাদ্য গুদামের কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন। সরেজমিনে প্রকৃত ঘটনা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
রাজীব দেব রায় রাজু/ ডিডি
মন্তব্য করুন: